
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

দখলদার ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস পেতে শুরু করেছে। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে মঙ্গলবার (২৪ জুন) তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮.৭৯ ডলারে। দিনের শুরুতে এটি ৪ শতাংশেরও বেশি কমে ১১ জুনের পর সর্বনিম্ন দামে পৌঁছেছিল। অপরদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে ৬৫.৪৬ ডলারে দাঁড়িয়েছে, যা ৯ জুনের পর থেকে সর্বনিম্ন।
যুদ্ধবিরতির ঘোষণার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
এ বিষয়ে ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ-এ একটি বার্তায় লেখেন, "সবাইকে অভিনন্দন! ইসরায়েল ও ইরানের মধ্যে একটি পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। আগামী ৬ ঘণ্টার মধ্যে তারা তাদের চলমান সামরিক অভিযান সম্পন্ন করবে এবং এরপর ১২ ঘণ্টার মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে বিবেচিত হবে।"
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্সে একটি পোস্টে জানিয়েছেন, দখলদার ইসরায়েল যদি তাদের ‘অবৈধ হামলা বন্ধ করে’ তাহলে ‘ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই’।

For all latest news, follow The Financial Express Google News channel.