
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দ্বিতীয় দিনে পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। ট্রেন, বাস ও নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেড়েছে। মহাসড়কে গাড়ির সংখ্যা বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে তীব্র যানজট ও সিডিউল বিপর্যয়। ফলে টিকিট থাকলেও ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
শুক্রবার (৬ জুন) সকাল থেকেই মিরপুর, কল্যাণপুর, মাজার রোড ও গাবতলী বাস টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শ্যামলী, এস আর, শাহ ফতেহ আলী, সুপার সনি পরিবহনের কাউন্টারগুলোতে গাড়ির জন্য দীর্ঘসময় বসে থাকতে দেখা গেছে যাত্রীদের।
বৈরি আবহাওয়ার কারণে ভোগান্তি আরও বেড়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। বগুড়াগামী এক যাত্রী জানান, সকাল ৭টার টিকিট থাকলেও বেলা ১১টা পর্যন্ত গাড়ির দেখা পাননি।
শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার ম্যানেজার বলেন, “সকাল ৭টার গাড়ি এখন (১১টা) ছাড়বে। মহাসড়ক ও গাবতলী-কল্যাণপুর এলাকায় তীব্র জ্যামের কারণে সব গাড়িই ২-৩ ঘণ্টা দেরিতে আসছে।”
ঢাকা থেকে ঈশ্বরদীগামী পরিবহন সনির এক কর্মী জানান, “গত রাত থেকেই সড়কে জ্যাম। গাড়িগুলো ফেরত আসতে না পারায় সিডিউল ভেঙে পড়েছে। তবুও আজকে গতকালের তুলনায় চাপ কিছুটা কম, গাড়ির সংখ্যাও বেড়েছে।”
এ ছাড়া রাজধানীর অভ্যন্তরীণ রুটের গাড়িগুলোকেও সড়কে যাত্রী তুলতে দেখা গেছে।

For all latest news, follow The Financial Express Google News channel.