ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংকের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)। সংগঠনটি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেবিএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. ইকবাল হোসেন ও সদস্যসচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এ দাবি জানান।

আরিফুল ইসলাম উত্তরা ব্যাংক পিএলসির কসবা উপজেলার গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তাঁর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। কর্মসূত্রে তিনি গোপীনাথপুর গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার ব্যাংকের কাজ শেষে সন্ধ্যা সাতটার দিকে বাসার উদ্দেশে রওনা হন আরিফুল। গোপীনাথপুর বাজার পার হয়ে বাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

আরিফুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ব্যাংকের কর্মকর্তারা তাঁকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

জেবিএবির নেতারা বলেন, এ ঘটনায় ব্যাংকারদের মধ্যে শোক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। একজন ব্যাংক কর্মকর্তার ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিহত কর্মকর্তার পরিবারকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দিতে উত্তরা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ব্যাংকারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

সংগঠনটির নেতারা নিহত আরিফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।