কক্সবাজারের উখিয়ায়  মাদকবিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে র‌্যাব-১৫। 

Advertisement

বুধবার (৫ নভেম্বর) দুপুরে পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।  সভার মূল লক্ষ্য  সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা মাদকের করালগ্রাস থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করা। 

র‌্যাবের মহাপরিচালকের নির্দেশনা এবং র‌্যাব-১৫ কক্সবাজারের অধিনায়কের নেতৃত্বে আয়োজিত এই সভায় সর্বশেষ সময়ের একটি সামাজিক প্রতিরোধের চিহ্ন হিসেবে অনেকেই উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন র‌্যাব-১৫, কক্সবাজারের অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান। 

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান তার বক্তব্যে একদিকে মাদক সেবনের বিপদ সম্পর্কে সবাইকে সচেতন করে তুলে ধরেন এবং অন্যদিকে মাদক সেবনের পথ থেকে ফিরে আসার জন্য  আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ করান যাতে তারা মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে এবং সামাজিকভাবে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত হন।

সভাপতির বক্তব্যে বলা হয়  “মাদকের প্রভাব শুধুমাত্র ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ভেঙে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী একা মাদকের সমস্যা মোকাবিলা করতে পারবে না; এর জন্য সবার অংশগ্রহণ জরুরি। পরিবারের অভিভাবক, শিক্ষক, ইমাম, তরুণ-তরুণীরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

বক্তারা আশাবাদ ব্যক্ত করে জানান, উখিয়া ও আঞ্জুমানপাড়ার তরুণ-ছাত্র-ছাত্রী, শিক্ষক, এবং শিক্ষাপ্রতিষ্ঠান সবাই মিলে এই আন্দোলনের অংশ হবেন। সাংবাদিকদেরও তিনি আহ্বান জানান যে কোনো পরিবারের কেউ মাদকাসক্ত হলে এবং ওই পরিবার আর্থিকভাবে দুর্বল হলে তারা দ্রুত র‌্যাব-১৫, কক্সবাজারের সঙ্গে যোগাযোগ করুন; র‌্যাব সেই ব্যক্তিদের পুনর্বাসনের সমস্ত খরচ বহন করবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৬৪ বিজিবি উপ-অধিনায়ক, উখিয়া সার্কেল এডিশনাল এএসপি, ৮ এপিবিএন এ এডিশনাল এএসপি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (উখিয়া) প্রমুখ। 

এছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল টিমের অধিনায়ক মোবারক হোসেন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী মালেক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কুল-মাদ্রসার শিক্ষার্থীরা এবং স্থানীয় বাসিন্দা।