জাতীয় সঞ্চয় অধিদফতরের সঞ্চয় কর্মসূচির (স্কিম) মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুনাফার হার ১২ শতাংশেরও বেশি হতে পারে। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে এ বিষয়ে আদেশ জারির জন্য বুধবার (৮ জানুয়ারি) অনুরোধ করেছে। 

Advertisement

এর আগে, অর্থ বিভাগের প্রস্তাব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অনুমোদন করেছেন এবং সিডিএমসি কমিটি সুপারিশ করেছে।

নতুন পদ্ধতিতে সঞ্চয়পত্রের মুনাফার হার পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে ১২ দশমিক ৪০ শতাংশ হবে, ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি সঞ্চয়পত্রে ১২ দশমিক ৩৭ শতাংশ। 

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের হার হবে ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৩০ শতাংশ। পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার স্কিমের হার হবে ১২ দশমিক ৩৭ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ।  

তবে, ওয়েজ আর্নার্স বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের হার অপরিবর্তিত থাকবে। নতুন ব্যবস্থা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ হবে।