পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জানিয়েছেন, আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে কাওকে তিনি চিনেন না।

Advertisement

উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম দুবাইয়ে পলাতক রয়েছেন। সম্প্রতি রবিউল ইসলামের স্বর্ণের দোকান উদ্বোধন করতে বাংলাদেশের বিভিন্ন তারকার দুবাই যাওয়ার পর থেকেই আলোচনায় আসেন পলাতক এই আসামি।

এই আসামির সঙ্গে সদ্য অবসরে যাওয়া পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ  কোনো কোনো মহলের যোগসাজশ রয়েছে- এমন গুঞ্জনের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তাঁর অবস্থান পরিস্কার করেন।

শনিবার এক পোস্টে বেনজীর আহমেদ লিখেন, “সম্মানিত দেশবাসি,আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পুর্ণ ভাবে নিশ্চিত  করতে চাই যে ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না । আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই ।”

“আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ার এর পূরোটা সময় খুনি , সন্ত্রাসী, ড্রাগ ব্যাবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি কখনোই সখ্যতা নয়,” যোগ করেন তিনি।

তিনি বলেন, “আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগীতার জন্য অশেষ কৃতজ্ঞতা।”