
Published :
Updated :

সরকারি চাকরির আবেদনের সঙ্গে জমা দেওয়া ছবি ও সনদপত্র সত্যায়িত করার প্রক্রিয়া তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।
সচিবালয়ে রোববার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “দেখবেন এগুলো সবই ডিজিটালাইজড হয়ে যাবে এবং এটার কোনো প্রয়োজন হবে না।
“আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি এটার বিষয়ে কাজ করে সহজীকরণ করে দেব, যাতে কারো ভোগান্তি না থাকে।”

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এদিন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সরকারি চাকরির আবেদনের সঙ্গে ছবি ও সনদপত্র সত্যায়িত করতে গিয়ে অনেকেই ভোগান্তি পড়েন জানিয়ে এ বিষয়টি সহজ করতে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা, জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে সেই প্রশ্ন করেন একজন সাংবাদিক।
জবাবে ফরহাদ হোসেন বলেন, “এটা আমারও কথা। আমরা ছাত্রজীবনেও দেখেছি। একটা সিল দিয়ে মেরে দিলে তো হল। কিন্তু আমারটা অরিজিনালি আছে।
“ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয় দেখছেন আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের বিগ ডেটা, ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। আপনার ভোটার আইডি কার্ড দেন, সেখানে কিন্তু আপানার সার্টিফিকেটগুলো, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, সব চলে আসবে। আপনি চাইলে অনেক ডেটা দেখে নিতে পারছেন।”
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “আমরা যখন এটা করব, তখন কোনো মানুষের একটা কোড নম্বর থাকবে। সেই কোডটা দিলে কিন্তু অরিজিনাল কিনা আপনি দেখে নিতে পারছেন। সেক্ষেত্রে আমার মনে হয় এটা (সত্যায়ন) অল্প দিনের মধ্যেই…।
“ডিজিটাল বেজড, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেখানে আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গর্ভনমেন্টস বা সরকার ব্যবস্থা। সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি আছে এগুলো আমাদের মাথার মধ্যে আছে।”

For all latest news, follow The Financial Express Google News channel.