২০২৫-২৬ বাজেট: জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ ৪০৫ কোটি টাকা

Published :
Updated :

২০২৫-২৬ বাজেটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ সোমবার (২ জুন) বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং সেই আন্দোলনের আদর্শ ও মূল্যবোধ জাতীয় জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। একই সঙ্গে, গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠার কাজ চলছে।
অর্থ উপদেষ্টা আরও জানান, শিগগির শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতা প্রদানের নীতিমালা তৈরি করা হবে। পাশাপাশি, তাদের চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, সামাজিক নিরাপত্তা খাতের গুরুত্ব বিবেচনায় আগামী অর্থবছরে এই খাতে ১ লাখ ১৬ হাজার ৭৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পেনশন বাদ দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকছে ৯১ হাজার ২৯৭ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই এবারের বাজেটের অন্যতম উদ্দেশ্য। সম্পদের ন্যায্য বণ্টন এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

For all latest news, follow The Financial Express Google News channel.