
Published :
Updated :

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও, এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়ালেন তিনি। ফলে বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে তাকে দেখা যাবে না।
গত ১০ মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছিল, যেখানে মাহমুদউল্লাহর নাম ছিল। তবে তিনি নিজেই নামটি তালিকা থেকে মুছে ফেলেন, যা অনেকেই ধারণা করেছিল যে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এখানে শেষ হচ্ছে। অবশেষে সেই ধারণাই সত্যি হলো।
আজ (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন মাহমুদউল্লাহ। সেখানে তিনি লেখেন, "সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন।"
তিনি আরও বলেন, "বিশেষ ধন্যবাদ জানাই আমার মা-বাবাকে, শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যিনি একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকে আমার পাশে ছিলেন।"
এটা সত্যি যে, কোনো ক্রিকেটারের জন্য তার ক্যারিয়ারের শেষটা মাঠে না হওয়া কিছুটা কষ্টের হয়। মাহমুদউল্লাহও এই বিষণ্ণতা অনুভব করেন। তিনি লিখেছেন, "সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না, কিন্তু সেটা মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। শান্তি... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।"
২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মাহমুদউল্লাহ। শেষও হলো ওয়ানডে দিয়েই। এই সংস্করণে মোট ২৩৯ ম্যাচ খেলে ৩৬ গড়ে ৫,৬৮৯ রান করেছেন। তার নামের পাশে রয়েছে ৩২টি ফিফটি এবং ৪টি সেঞ্চুরি। এছাড়া বল হাতে ৮২ উইকেটও শিকার করেছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.