মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ অভিযান, কোটি টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার

Published :
Updated :

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয়েছে ১ কোটি ১৩ লাখ টাকা, বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী।
অভিযান চলাকালে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, টাকা গণনার মেশিন এবং নগদ ১ কোটি ১৩ লক্ষ টাকা।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সোহেল ওই রাতে ক্যাম্পে অবস্থান করবে। তবে যৌথবাহিনী পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারে পালিয়ে যায় আসামিরা। সংকীর্ণ গলি ও ঘনবসতির কারণে মূল আসামি বুনিয়া সোহেলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সোহেলের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে ৩৮টি মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হলেও জামিনে মুক্তির পর পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে।
দুই দিন আগে জেনেভা ক্যাম্পে সংঘটিত একটি হত্যাকাণ্ডে সোহেলের ১৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল ও তার বাহিনীকে ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে উদ্ধারকৃত মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.