
Published :
Updated :

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে আজ (৩ জুন) থেকে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (ডে-অফ) ঈদের আগের দিন পর্যন্ত বাতিল করা হয়েছে। তবে ঈদের পর থেকে আগের নিয়ম অনুযায়ী সাপ্তাহিক ছুটি পুনরায় কার্যকর হবে।
রেলওয়ের পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলবে না। তবে রেক ব্যালেন্স নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে বিশেষ ব্যবস্থায় ‘মেইল এক্সপ্রেস’ ট্রেন চালানো হবে।
ঈদ যাত্রায় বাড়তি চাপ মোকাবিলায় ৫ জোড়া (মোট ১০টি) ঈদ স্পেশাল ট্রেন চালু করা হবে, যেগুলো ৪ জুন থেকে চলাচল শুরু করবে।
সার্বিক ট্রেন পরিচালনা ও সময়ানুবর্তিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনগুলোতে কর্মকর্তাদের উপস্থিতিতে তদারকি করা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করতে রেলপথে পেট্রোলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলসেতুগুলোর নিরাপত্তা জোরদার করা হবে এবং সিগনালিং সিস্টেম, কোচ ও ইঞ্জিনগুলোর বিশেষ পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি, জরুরি পরিস্থিতির জন্য রিলিফ ট্রেনগুলো সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.