টঙ্গীতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, মারা গেলেন দগ্ধ স্বামী-স্ত্রী

Published :
Updated :

গাজীপুরের টঙ্গীর মিরের বাজার এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী হাফিজা আক্তার (২০) এবং বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে স্বামী মোহাম্মদ রিপন (২৫) চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।
এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার (৩ আগস্ট) সকালের দিকে একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। হাফিজা আক্তার এবং মোহাম্মদ রিপন এর শরীরের ৭০ ও ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের চিকিৎসার পরও তারা প্রাণ হারান।
প্রসঙ্গত, রোববার সকালে গাজীপুরের টঙ্গীর মিরের বাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এই পরিবারের তিন সদস্যকে দগ্ধ করে।

For all latest news, follow The Financial Express Google News channel.