উড্ডয়নের পর ইঞ্জিনে সমস্যা, শাহজালালে নিরাপদে ফিরল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

Published :
Updated :

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ কারণে ২,৫০০ ফিট উচ্চতায় ওঠার পরই পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
শুক্রবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ছিল বিজি ৫৮৪, যা বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে জানান, ফ্লাইটটি সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে এবং ৮টা ৫৯ মিনিটে নিরাপদে শাহজালালে অবতরণ করে। এতে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন, সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।
বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন। অবতরণের পর বিমানটি বিমানবন্দরের ১৪ নম্বর বে-তে পার্ক করা হয়।
সম্ভাব্য বার্ড স্ট্রাইকের বিষয়টি মাথায় রেখে রানওয়ের পরিদর্শন করা হলেও কোনো পাখি বা অনাকাঙ্ক্ষিত বস্তু পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.