
Published :
Updated :

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নিলামে ৯১ দিনের ট্রেজারি বিলের সুদ হার নতুন ইতিহাস সৃষ্টি করে ১২ দশমিক ১০ শতাংশে পৌঁছেছে।
মাত্র ১০ দিনের মধ্যে এই সুদ হার ১৮ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে, ২ জুন এই মেয়াদের ট্রেজারি বিলের সুদ ছিল ১২ দশমিক শূণ্য ২ শতাংশ, যা তখন দ্বিতীয় সর্বোচ্চ ছিল।
স্বল্পমেয়াদি এই আর্থিক ঋণপত্রগুলো সরকার নির্দিষ্ট সময়ের জন্য বাজারে ছাড়ে, সাধারণত ৯১ থেকে ৩৬৪ দিন পর্যন্ত মেয়াদে। বর্তমান ব্যাংক খাতে তারল্য সংকট এবং সরকারের ঋণ চাহিদার কারণে সুদ হার বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরকার বেশি পরিমাণ অর্থ সংগ্রহ করতে চাইলেও ব্যাংকগুলো সেভাবে টাকা দিতে পারছে না, ফলে উচ্চ সুদ দিয়ে তহবিল সংগ্রহ করতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকের কাছে তারল্যের অভাব এবং সরকারের ঋণ চাহিদা বাড়ার কারণে সুদ হার স্বাভাবিকভাবেই বাড়ছে, যা মূলত চাহিদা ও জোগানের ভিত্তিতে নির্ধারিত হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বছরের মার্চে ট্রেজারি বিলের সুদ কিছুটা কমেছিল, তবে এপ্রিলে তা আবার বাড়তে থাকে এবং জুন মাসে নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে ১৮২ দিনের ট্রেজারি বিলের সুদ ১২ দশমিক ১১ শতাংশ এবং ৩৬৪ দিনের বিলের সুদ ১২ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে। ট্রেজারি বিল তুলনামূলকভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়, যেখানে ট্রেজারি বন্ডের মেয়াদ সাধারণত ২ থেকে ২০ বছর পর্যন্ত হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.