
Published :
Updated :

বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের দিল্লি গিয়ে ফেরার সময় বিএসএফ কর্তৃক আটক ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেরত এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে ৯৩২ নম্বর সীমানা পিলারের কাছে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের নেতৃত্ব দেন ভারতীয় বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবি'র পক্ষ থেকে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা এবং বিজিবির অন্যান্য সদস্যরা। বৈঠক শেষে বিএসএফ ২৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে মেজর হাসনাইন বলেন, "আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ২৪ জন বাংলাদেশিকে ফেরত পেয়েছি এবং স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিওপির কাছে ভারতীয় বিএসএফের তিনটি ক্যাম্পে কিছু বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। এর পর, বিএসএফকে সতর্ক করে কঠোর বার্তা পাঠানো হয়, যাতে তারা শুধু প্রকৃত বাংলাদেশি নাগরিকদেরই ফেরত দেয়।
এই প্রক্রিয়ায় বিএসএফ ৮ পুরুষ, ৮ মহিলা ও ৮ শিশুর নামের তালিকা পাঠায় এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
ভারত থেকে ফেরত আসা ২৪ জনের মধ্যে ছিলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), মেয়ে তাসলিমা (৭), মা তানেকা বেগম (৪৬), বোন তাহেরা খাতুন (৭), কামালপুর গ্রামের মানব আলী (২৩), তার স্ত্রী রুমি বেগম (২০), নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১), তার স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯) ও মেয়ে কাজলী (২) এবং আরও অনেকে।

For all latest news, follow The Financial Express Google News channel.