
Published :
Updated :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে তারা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন।
আজ রোববার রাজধানীর মাল্টিপারপাস হলে দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে চীনা বিনিয়োগকারীদের উপস্থিতিতে তিনি বলেন, "বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছে।"
এ তরুণ জনশক্তিকে উৎপাদনমুখী কাজে যুক্ত করার জন্য চীনা ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা ও স্থানীয় বাজার সম্পর্কে বিস্তৃত ধারণা দেওয়ার লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে চীনের ১০০টি কোম্পানি থেকে প্রায় ২৫০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশগ্রহণ করেন।
সম্মেলনে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও বক্তব্য রাখেন।

For all latest news, follow The Financial Express Google News channel.