
Published :
Updated :

বগুড়ার শেরপুরে সংঘবদ্ধ চোরচক্রের এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে চুরি যাওয়া একটি ট্রাক। সঙ্গে ছিল প্রায় ১৩ লাখ টাকা মূল্যের মাছের খাদ্য (ফিড), যদিও সেগুলো ইতোমধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ঘটনায় চক্রের তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: ফারুক (৪৫), সুখানগাড়ী; হাশেম আলী ওরফে বাবু (৪৪), খন্দকারটোলা; এবং মোঃ আবু বক্কার সিদ্দিক (৪২), বিল চাকলা।
শেরপুর থানায় দায়ের করা মামলার এজাহারে জানা যায়, বাদী সাদেকুল ইসলাম সাদেক এবং আসামি হাশেম আলী যৌথভাবে ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬ নম্বরের ট্রাকটি কিনেছিলেন। হাশেম ছিলেন ট্রাকের ড্রাইভার, আর আবু বক্কার সিদ্দিক ছিলেন হেলপার। গত ২৯ এপ্রিল সকালে নন্দীগ্রামের কাথম এলাকার কোয়ালিটি ফিড মিল থেকে ১৪ টন মাছের খাদ্য (মূল্য ১৩,৩৬,৪২০ টাকা) ট্রাকে লোড করে ঢাকায় পাঠানোর কথা ছিল।
কিন্তু সকাল ৮টার দিকে হাশেম আলী এক অজুহাত দেখিয়ে ট্রাকটি অপরিচিত হেলপার জিয়ার হাতে ছেড়ে দিয়ে গা-ঢাকা দেন। দুপুর ২টা ১৫ মিনিটে ফিরে এসে তিনি দেখেন, ট্রাকসহ মালামাল রহস্যজনকভাবে গায়েব। এ ঘটনায় সাদেকুল তৎক্ষণাৎ শেরপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নিয়োজিত এসআই আনোয়ার হোসেন তদন্ত শুরু করেন। ৩ মে শেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর আত্রাই থানাধীন সোনাডাঙ্গা মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। তবে মাছের খাদ্য বিক্রি হয়ে যাওয়ায় সেগুলো উদ্ধার সম্ভব হয়নি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এই চোরচক্রের বাকি সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে

For all latest news, follow The Financial Express Google News channel.