
Published :
Updated :

গ্রীষ্মের শুরুতেই বগুড়ার শেরপুর উপজেলার বাজারগুলো মুখরিত হয়ে উঠেছে টাটকা ও রসালো লিচুর সম্ভারে। অনুকূল আবহাওয়ার ফলে এ বছর লিচুর উৎপাদন বেশ ভালো হয়েছে, যা বাজারে সরবরাহ বাড়িয়েছে এবং কেনাবেচাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। শেরপুর শহরে প্রতিদিন গড়ে ১০-১২ লাখ টাকার লিচু বিক্রি হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শেরপুর শহরের বিভিন্ন বাজারে ভোর থেকে রাত পর্যন্ত লিচুর কেনাবেচা চলছে। বিক্রেতারা জানান, লিচুর মৌসুম মাত্র এক মাসের, তাই চাষি ও ব্যবসায়ীরা এই সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে তৎপর। একজন খুচরা বিক্রেতা গড়ে দিনে ১৫,০০০ টাকার লিচু বিক্রি করছেন। শুধু স্থানীয় লিচু নয়, দিনাজপুর, পাবনার ঈশ্বরদী এবং ঠাকুরগাঁওয়ের ধাতিরহাট, ভুল্লি ও কচুবাড়ী থেকে আসছে উন্নত জাতের লিচু, যা বাজারে বৈচিত্র্য এনেছে।
বাজারে নানা জাতের লিচু পাওয়া যাচ্ছে, যার দাম জাতভেদে ভিন্ন। প্রতি ১০০ লিচুর দাম নিম্নরূপ, মাদ্রাজি: ৩০০-৩২০ টাকা, মুম্বাই: ৪০০-৪২০ টাকা, বেদেনা: ৫০০-৫৫০ টাকা, চায়না থ্রি (হাই-কোয়ালিটি): ১০০০ টাকা, চায়না থ্রি (মিডিয়াম): ৮০০ টাকা, সাধারণ মানের লিচু: ৪০০-৫০০ টাকায় মিলছে।
বিক্রেতা জান্নাতুল ফেরদাউস বলেন, "এবার লিচুর মান খুবই ভালো, চাহিদাও প্রচুর। প্রতিদিন গড়ে ১৫,০০০ টাকার লিচু বিক্রি করি। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতার ভিড় সামলাতে হয়। শেরপুর শহরে আনুমানিক গড়ে দিনে ১০-১২ লক্ষ টাকার লিচু বিক্রি হয়ে থাকে বলে জানান এই বিক্রেতা।"
অন্য বিক্রেতা রেজাউল করিম জানান, "চায়না থ্রি লিচুর দাম বেশি, তবে অনেকেই কিনছেন। ঈশ্বরদী ও ঠাকুরগাঁও থেকে ভালো মানের লিচু আসছে। এই এক মাসই আমাদের প্রধান রোজগারের সময়।" ক্রেতারাও লিচুর মানে মুগ্ধ। ধুনুটমোড়ের বাসিন্দা আফরোজা খানম বলেন, "এবার লিচুর বর্ণ, গন্ধ, স্বাদ সবই অসাধারণ। দাম একটু বেশি হলেও মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।"
কলেজছাত্র মেহেদী হাসান বলেন, "বন্ধুদের সঙ্গে বাজারে এসে হাফ কেজি লিচু কিনেছি, রিকশাতেই খেয়ে ফেলেছি! এমন টাটকা লিচু অনেকদিন পর খেলাম।" গৃহিণী রাবেয়া সুলতানা বলেন, "চায়না থ্রি লিচু দামি হলেও স্বাদ অতুলনীয়। আত্মীয়দের বাড়িতেও পাঠিয়েছি।"
অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন বলেন, "বয়সের কারণে খাওয়ার কড়াকড়ি আছে, তবু লিচুর লোভ সামলানো যায় না। এবারের স্বাদ পুরনো দিনের মতো।"
ভালো উৎপাদনের কারণে চাষিরা সন্তোষজনক দাম পাচ্ছেন। একইভাবে, পর্যাপ্ত সরবরাহ ও স্থিতিশীল দামের কারণে ক্রেতারাও খুশি। বাজারে টাটকা ও রসালো লিচুর প্রাচুর্য শেরপুরে একটি উৎসবের আমেজ সৃষ্টি করেছে।

For all latest news, follow The Financial Express Google News channel.