চট্টগ্রামে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

Published :
Updated :

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বাসে থাকা যাত্রী চন্দ্রিমা চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি ওই বাসের যাত্রী ছিলেন এবং অগ্নিকাণ্ডের সময় পেছনের জানালায় আগুন ছড়িয়ে পড়তে দেখেন। তার ভাষ্যমতে, বাসে ওঠার পর থেকেই তীব্র অকটেনের গন্ধ পাওয়া যাচ্ছিল। বাসের পেছনের সিটগুলো অকটেনে ভেজা ছিল, যা থেকে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে যান। পেছনের সিঁড়িতে পড়ে যাওয়া এক বয়স্ক যাত্রীকে একজন নারীসহ দুজন মিলে টেনে নিরাপদ স্থানে সরিয়ে আনেন।
তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত—তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

For all latest news, follow The Financial Express Google News channel.