
Published :
Updated :

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪০৯ জন ডেঙ্গু রোগী।
রোববার (২৭ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন, শনিবারও ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগভিত্তিক নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৭৪ জন, চট্টগ্রামে ৭২, ঢাকার সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৬৭, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৪, ঢাকা উত্তর সিটিতে ৩২, খুলনায় ২৮, রাজশাহীতে ৫১, ময়মনসিংহে ১১, রংপুরে ১৬ এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ৪ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ২২৩ জন।
সর্বশেষ তথ্যানুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ১৯ হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

For all latest news, follow The Financial Express Google News channel.