
Published :
Updated :

প্রিয়জনের সঙ্গে গ্রামের বাড়িতে কোরবানির ঈদ উদযাপন শেষে এখন স্বস্তিতে ঢাকায় ফিরছেন মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের সংখ্যা বাড়তে দেখা গেছে। তবে মহাসড়কে যানজট না থাকায় যাত্রীরা সহজে ও স্বাচ্ছন্দ্যে রাজধানীতে পৌঁছাতে পারছেন।
রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গাবতলীতে ঘুরে দেখা গেছে, ঈদের পর আজই সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরছেন। চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রীবোঝাই বাস ঢাকায় প্রবেশ করছে।
অনেকে সিএনজি, রাইডশেয়ারিং কিংবা গণপরিবহন ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন। যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকায় দেখা গেছে, মানুষ লাগেজ, ব্যাগ ও কোরবানির মাংস বহন করে ফিরছেন।
বাসচালক ও যাত্রীদের ভাষ্যমতে, সড়কে কোনো যানজট না থাকায় যাত্রার সময় কম লেগেছে এবং যাত্রাপথ ছিল তুলনামূলক স্বস্তিদায়ক।
গাবতলী বাস টার্মিনালের এক কর্মী জানান, ঈদের ছুটির পর ঢাকায় যাত্রীর চাপ থাকলেও রাস্তায় তেমন ভিড় বা বিশৃঙ্খলা দেখা যায়নি। একই চিত্র ছিল সায়েদাবাদ বাসস্ট্যান্ডেও।
পুলিশ সদস্যরাও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন যাত্রাবাড়ীতে দায়িত্বে থাকা এক সার্জেন্ট।
শরীয়তপুর থেকে ঢাকায় আসা যাত্রী আকলিমা জানান, মাত্র দুই ঘণ্টায় তিনি ঢাকায় পৌঁছেছেন এবং রাস্তায় কোনো সমস্যা হয়নি। কুমিল্লা থেকে আসা আরেক যাত্রী শরিফুল ইসলামও জানিয়েছেন, দ্রুত ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরে তিনি আনন্দিত।
সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে করে ঢাকায় ফেরা মানুষের ভিড়। বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, শরীয়তপুরসহ বিভিন্ন জেলা থেকে যাত্রীরা সদরঘাট হয়ে রাজধানীতে প্রবেশ করছেন।
ট্রেনেও যাত্রীর চাপ রয়েছে। কমলাপুর ও বিমানবন্দর স্টেশন ঘুরে দেখা গেছে, ঈদের পর ট্রেনযাত্রাও স্বস্তিদায়ক হয়েছে। এবার কোনো ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়নি।
গত ৫ জুন থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, যা চলবে ১৪ জুন পর্যন্ত। সরকারি চাকরিজীবীরা পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। ঈদের পর ঢাকায় ফেরা মানুষের চাপ আজ সবচেয়ে বেশি, তবে আগামী দুদিনও এই চাপ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

For all latest news, follow The Financial Express Google News channel.