ফরিদপুরে জাল নিবন্ধনে বাল্যবিয়ের অপরাধে কনের মা ও কাজীকে জরিমানা

Published :
Updated :

ফরিদপুরে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে কনের মা ও সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৯টায় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন মার্কেটের দোতলায় অবস্থিত কাজী অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় নিকাহ রেজিস্ট্রার মো. কামরুল হাসানকে (৪৮) বাল্যবিবাহ নিরোধ আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একই অপরাধে বিকেলে শহরের বায়তুল আমান এলাকায় কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ১২ জুন শহরের বায়তুল আমান এলাকায় ১৬ বছর বয়সি এক কিশোরীকে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্যবিয়ে দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে কনের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বিভিন্ন অভিযোগের কারণে নিকাহ রেজিস্ট্রার কামরুল হাসানের নিবন্ধন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তিনি উচ্চ আদালত থেকে এক আদেশের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেন। ওই আদেশ ৮ জুন পর্যন্ত কার্যকর ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান জানান—এক কিশোরীর জাল নিবন্ধনের মাধ্যমে বয়স বেশি দেখিয়ে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এজন্য দুইজনকে জরিমানা করা হয়েছে। এছাড়া জেলা রেজিস্ট্রার বরাবর একটি চিঠি পাঠানো হবে, যেন তাঁর নিবন্ধনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.