ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে শর্টগান ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Published :
Updated :

ফরিদপুরের বোয়ালমারীতে জাহিদ মোল্যা (৩৮) নামে এক যুবককে দেশীয় শর্টগান (এলজি বন্দুক), এক রাউন্ড গুলি ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি মাদকসহ বিভিন্ন অপরাধমূলক ১৪টি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ জুন) অভিযানে নেতৃত্ব দেওয়া বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ভোররাতে বোয়ালমারী আর্মি ক্যাম্প ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গুনবহা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা করা হয়েছে।
তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের মান্নান মোল্যার ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের তার শ্বশুর লুৎফর মোল্যার বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। অভিযানকালে ওই যুবকের তথ্যমতে একটি দেশীয় শর্টগান, এক রাউন্ড গুলি ও তিনটি পলিপ্যাকে থাকা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার রাতে অভিযানে নেতৃত্ব দেওয়া ফরিদপুরের বোয়ালমারী থানার উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, জাহিদ মোল্যা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১৪ টি মামলার সন্ধান পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে অস্ত্র নিয়ন্ত্রন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে ।

For all latest news, follow The Financial Express Google News channel.