গাইবান্ধায় বাড়িতে হামলা-ভাঙচুর করে এসএসসি পরীক্ষার্থী অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার

Published :
Updated :

গাইবান্ধায় বাড়িতে হামলা-ভাঙচুর ও মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের তিন ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত সঞ্চয়কে গ্রেপ্তার করা হয়েছে ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে এই হামলা ও অপহরণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন ওই শিক্ষার্থী। দুপুর ২টার দিকে হঠাৎ করে মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয়সহ ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা চালায়। পরে ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় বাধা দিতে গেলে ওই শিক্ষার্থীর বাবা ও মাকে মারধর ও কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরে শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা।
পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিকাল ৫টার দিকে পাশের কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিলে সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত সঞ্চয়কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

For all latest news, follow The Financial Express Google News channel.