
Published :
Updated :

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামে এক দম্পতির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, প্রেমের সম্পর্কের জেরে মাস তিনেক আগে রাসেল-জুঁই দম্পতির বিয়ে হয়। বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের জীবন। কোনো রকম ঝামেলা ছিল না।
পরিবারের সদস্যদের বরাতে তিনি আরও বলেন, সোমবার (২ জুন) রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকাল ৭টার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন, রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.