
Published :
Updated :

গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা আনিস মিয়া ঠান্ডা হত্যায় জড়িত সন্দেহে আরিফ মিয়া (২৫) নামে একজনকে আটক করেছে র্যাব-১৩।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা শহরের পৌরপার্ক থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আরিফ মিয়া পৌর শহরের ডেভিড কোম্পানীপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
গাইবান্ধা র্যাব-১৩ এর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন ।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জনান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরপার্ক থেকে আরিফকে আটক করা হয়। আনিস মিয়া ঠান্ডা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য: আনিস মিয়া ঠান্ডা (৩৭)। তিনি প্রায় ১৫ বছর ধরে গাইবান্ধা শহরে পত্রিকা ফেরি করে বিক্রি করতেন। পত্রিকা বিক্রির পর প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত তিনি অটোরিক্সা চালাতেন।
আনিস মিয়া ঠান্ডা সদর উপজেলার কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত দেড়টার দিকে শহরের স্টেডিয়াম এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে তার অটোবাইকে ওঠে। অল্প কিছুদুর যাওয়ার পর দুর্বৃত্তরা আনিসকে ছুরিকাঘাত করে হত্যার পর অটোবাইক নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় শুক্রবার রাতে নিহত আনিস মিয়ার স্ত্রী কবিতা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী দেখানো হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.