
Published :
Updated :

গভীর সমুদ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া ফিশিং বোট এফবি ইভা-এর ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৩০ আগস্ট মাতারবাড়ি এলাকা হতে “এফবি ইভা” নামক ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর গত ৬ সেপ্টেম্বর রাতে বোটটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে ১১ ঘণ্টা যাবৎ সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, আজ ৭ সেপ্টেম্বর মধ্যরাত ১টা ২৫ মিনিটে উক্ত বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১-তে কল করে সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, রবিবার সকাল ৯টায় কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১১ জন জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে, উদ্ধারকৃত ১১ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, আর্ত মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সিয়াম-উল-হক।

For all latest news, follow The Financial Express Google News channel.