
Published :
Updated :

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে নজরুল ইসলাম নজু (৭২) নামের এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
ইউএনবি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সলেমনাপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নজরুল ইসলাম নজু ওই এলাকার মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। তিনি উপজেলা শহরে দীর্ঘদিন গার্মেন্টেসের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয়রা জানান, সলেমানপুর উত্তরপাড়ায় দোতলা বাড়িতে স্ত্রী, ছেলে ও পুত্রবধূ নিয়ে বসবাস করতেন নজু। রাত ১টার দিকে দোতলা থেকে নিচের একটি কক্ষে চলে আসেন তিনি। আসার সময় দোতলার প্রধান গেটে ছিটকিনি লাগিয়ে আসেন। এরপর ভোরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ‘দীর্ঘদিন ধরে তার পারিবারিক ঝামেলা চলছিল। এ ছাড়া ব্যাংকের ঋণও ছিল তার। আমরা বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। তারপরও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’

For all latest news, follow The Financial Express Google News channel.