
Published :
Updated :

২০২৫–২৬ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি একে অনৈতিক, বৈষম্যমূলক এবং সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছে।
সোমবার (২ জুন) বাজেট ঘোষণার পর এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের সংস্কার ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতির পুরোপুরি বিপরীত। এতে দুর্নীতিকে উৎসাহ দেওয়ার পাশাপাশি রিয়েল এস্টেট লবির চাপের কাছে সরকারের আত্মসমর্পণ প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, "সংবিধানের ২০(২) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, অনুপার্জিত আয় অবৈধ। অথচ কালো টাকা বৈধ করার সুযোগ সেই নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এটি সৎ উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করছে এবং আবাসন খাতে অবৈধ অর্থের দখল আরও জোরদার করবে।"
টিআইবি আরও বলেছে, এ ধরনের সুযোগ সারা বছর অপ্রদর্শিত আয় সঞ্চয়ের অনুপ্রেরণা তৈরি করে। সংস্থাটি কালো টাকা সাদা করার ব্যবস্থা অবিলম্বে বাতিল এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে।
এছাড়া বাজেটে পাচার হওয়া অর্থ উদ্ধারে বাস্তব কোনো অগ্রগতি বা সুস্পষ্ট দিকনির্দেশনা না থাকায় হতাশা প্রকাশ করেছে টিআইবি। তারা মনে করে, দুর্নীতিবিরোধী অবস্থান দৃঢ়ভাবে বাস্তবায়ন করতে হলে কালো টাকা বৈধ করার সব পথ চিরতরে বন্ধ করতে হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.