Bangla
10 months ago

খাসজমি হাতিয়ে নিতে ডিসির স্বাক্ষর জালিয়াতি: ভূয়া সাংবাদিক আটক

Published :

Updated :

কক্সবাজারে জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জালিয়াতি করে খাসজমি হাতিয়ে নিতে গিয়ে  আটক হলেন এক ভূয়া সাংবাদিক।

বুধবার (২১ মে) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক ওই ভূয়া সাংবাদিক লক্ষীপুরের রায়পুর এলাকার মনির আহমেদ'র ছেলে রেজাউল করিম সোহাগ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

জানা গেছে , বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের নাম ব্যবহার করে কক্সবাজার শহরের পাশে ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় ভুমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের পড়াশোনার নাম করে খাসজমি বরাদ্দের জন্য কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন। আবেদন পত্রে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে রেজাউল করিম সোহাগের। 

ওই আবেদনে খাসজমিতে ‘স্কুল নির্মাণের অনুমতি দেওয়া গেল’ লিখে নিচে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের স্বাক্ষর জুড়ে দেওয়া হয়। কাগজটি দেখে সন্দেহ হলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নেজাম উদ্দিন আবেদনপত্রটি যাচাই-বাছাই করে দেখার পর স্বাক্ষরটি জাল প্রমাণিত হয়। 

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন  জানান, একজন জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে তিনি বড় অপরাধ করেছেন। এ ধরনের অপরাধের পেছনে আরো কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  

এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান বলেন, নিয়মিত মামলা রুজু করে আটক রেজাউল করিম সোহাগকে আদালতে সোপর্দ করা হবে। 

Share this news