
Published :
Updated :

কক্সবাজারে ছয় নাম্বার জেটি ঘাট থেকে মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক (ফেরি) চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু হয়। এদিকে সি-ট্রাক আসার খবরে দ্বীপ উপজেলা মহেশখালীতে মানুষের প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের অন্যতম রুটে ৮ কিলোমিটার সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিলো দীর্ঘদিনের। পরে ৫ আগস্টের পর ছাত্র জনতার দাবিতে এই সি-ট্রাক চালু করা হয়েছে। সাথে যুক্ত হয়েছে পন্টুন। এই সি-ট্রাক নিয়ে এক সাথে ২০০-২৫০ যাত্রী যাওয়া আসা করতে পারবেন।
মহেশখালীর স্থানীয় বাসিন্দারা জানান, আজ আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এই সি-ট্রাকের বদৌলতে অনেক মানুষের ভোগান্তি কমে আসবে। বিশেষ করে অসুস্থ বৃদ্ধ লোকজন ও গর্ভবতী মহিলাদের জন্যে উপকার হবে।
জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি) যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, আমাদের দ্বীপবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার মহেশখালী নৌপথে সি-ট্রাক চালু করার। অবশেষে আজ সে স্বপ্ন ধরা দিয়েছে। এতে দ্বীপের মানুষের দুর্ভোগ কেটে যাবে।
বিআইডব্লিউটিএ এর পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরিক্ষামূলকভাবে সি-ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।
মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। স্থাপন করা হয়েছে পন্টুন। মহেশখালীর মানুষের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসবো।
এদিকে সকাল থেকে জেটিঘাটে ছাত্র জনতার সাথে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাবেক এমপি আলমগীর ফরিদ, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম।

For all latest news, follow The Financial Express Google News channel.