
Published :
Updated :

ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ভাঙারি পণ্য ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুলের সামন থেকে সাধারণ শিক্ষার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা—টাউন হল, জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, কারমাইকেল কলেজ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘চব্বিশের বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ—যে দলেরই হোক, বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না।
বক্তারা বলেন, “মধ্যযুগীয় কায়দায় পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে। এমন বর্বরতা আমাদের ইতিহাসে নজিরবিহীন। কেবলমাত্র দলীয় বহিষ্কার নাটক করে এই ঘৃণ্য অপরাধ চাপা দেওয়া যাবে না। যারা এ ঘটনার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, এনসিপি নেতা আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

For all latest news, follow The Financial Express Google News channel.