
Published :
Updated :

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে তিনটি মামলায় টানা ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে তাকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) গোলাম সরওয়ার বলেন, ‘জাফর আলমকে গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন এবং পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোট ২১ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার পুলিশ তাকে আদালতে উপস্থাপন করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, সকালে কড়া নিরাপত্তার মধ্যে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। আদালত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দিয়ে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
গত ২৭ এপ্রিল ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ জাফর আলমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি ছিলেন ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য, ২০০৪–২০১০ সাল পর্যন্ত চকরিয়া পৌরসভার মেয়র, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরাজিত হন।

For all latest news, follow The Financial Express Google News channel.