রংপুর শিশু পুনর্বাসন কেন্দ্রের নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারে আল্টিমেটাম

Published :
Updated :

নিখোঁজের ৯ দিন পরেও উদ্ধার করা সম্ভব হয়নি রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের দুই কিশোরীকে। এ নিয়ে সচেতন মহল উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ বলছে উদ্ধারে মাঠে কাজ করছেন তারা। এদিকে দুই কিশোরীকে উদ্ধার, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকসহ দোষীদের শাস্তির আওতায় আনতে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সচেতন নাগরিক সমাজ।
শনিবার (২১ জুন)দুপুরে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাড. জোবাইদুল ইসলাম, মানবাধিকার কর্মী অ্যাড. মোকছেদ বাহলুল, অ্যাড. মাহে আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির কোষাধ্যক্ষ শমসে আরা বিলকিস, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল বারী রিজু প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, সমাজসেবা অধিদপ্তরের পুনর্বাসন কেন্দ্রে নিবাসী শিশুদের শারীরিক-মানসিক ও যৌন নির্যাতন করা হচ্ছে। তারা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে। এর আগে, পুনর্বাসন কেন্দ্রের কয়েকজন মেয়ে সাংবাদিকদের কাছে পুনর্বাসন কেন্দ্রের ভয়াবহ নির্যাতনের তথ্য তুলে ধরেছিল। এমনকি, তারা জীবন বাঁচাতে পূণর্বাসন কেন্দ্র থেকে চলে গিয়েছিল।
পরবর্তীতে সমাজসেবা কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় সেই কিশোরীদের আদালতের মাধ্যমে আবারও পুনবার্সন কেন্দ্রে নিয়ে গেছে। এতে করে অভিযোগকারী সেই কিশোরীদের উপর সমাজসেবা কর্মকর্তারা নির্যাতনসহ গুম করতে পারে বলে শঙ্কা রয়েছে।
এদিকে নিখোঁজের ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ হওয়া চার কিশোরীর মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে।বাকী দুজনকে উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে।
উল্লেখ্য, নগরীর দেওডোবা ডাংগীরপাড় এলাকার রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে গত ১২ জুন রাত থেকে নিখোঁজ হন নিবাসী নিতু, স্মৃতি, কৃতি ও আশা নামে চার কিশোরী। ১৫ জুন পরিবারের সদস্যরা স্মৃতি ও কৃতিকে নগরীর চিড়িয়াখানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের আদালতের মাধ্যমে পুনরায় পুনর্বাসন কেন্দ্রে পাঠায়।
এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্ধার হওয়া কিশোরীদের পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে অস্বীকৃতি জানায়। আপত্তির কারণ হিসেবে পুনর্বাসন কেন্দ্রে মেয়ের উপর নির্যাতন ও তার জীবনের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত বলে গণমাধ্যমকে জানান। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে পুনর্বাসনকেন্দ্রের নিবাসী নিতু ও আশা।

For all latest news, follow The Financial Express Google News channel.