রংপুরে কোটা বিরোধী আন্দোলনে নিহতের লাশ ৪৪ দিন পর কবর থেকে উত্তোলন

Published :
Updated :

রংপুরে আদালতের নির্দেশে কোটা আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের লাশ মৃত্যুর ৪৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই খালিদ উদ্দিনসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা।
গত ১৯ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার বিক্ষোভ চলা কালে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের বেপরোয়া গুলিতে সবজি ব্যবসায়ী সাজ্জাদ নিহত হয়।
এদিকে এ ঘটনার পর গত ২০ শে আগস্ট নিহত সাজ্জাদের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, ওয়াকার্স পার্টি প্রধান রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ ৫৭ জনের নাম উল্লেখ করে তাদের আসামি করে হত্যা মামলা দায়ের করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ বলেন, যেহেতু লাশটি ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল এবং পরবর্তীতে আদালতে মামলা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে লাশটির ময়না তদন্তসহ পুনরায় কবরস্থানে দাফন করা হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.