
Published :
Updated :

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীর ডাঙ্গা এলাকায় পুকুরপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক মোঃ বাবু মিয়া (২১) উপজেলার সয়ার ইউনিয়নের চালচারলিয়া বুড়িরহাট এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার জানায়, সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে বাবু তার বাবার রিকশা ভ্যান নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে গভীর রাত পর্যন্ত সে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ঘনিরামপুর বুড়াপীর ডাঙ্গা এলাকায় পুকুরপাড়ে একটি লাশ পড়ে আছে। পরে নিহতের বাবা শফিকুল ইসলাম সেখানে গিয়ে লাশটি তার ছেলে বাবুর বলে শনাক্ত করেন।
স্থানীয়রা ধারণা করছেন, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাবুকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তার সঙ্গে থাকা রিকশা ভ্যানটির খোঁজ মেলেনি।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

For all latest news, follow The Financial Express Google News channel.