যারা ভারতের কথায় দেশ চালাতো তারা ভারতীয় রাজাকার: গাইবান্ধায় বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন

Published :
Updated :

আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে তারা মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানাতেন, আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন।
তিনি বলেন, যারা সাড়ে ১৬ বছর ভারতের কথায় দেশ চালাত, তারা ভারতীয় রাজাকার। মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সম্পদ। যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে, ততদিন মুক্তিযোদ্ধাদেরকে এ জাতি স্মরণ করবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত কাউন্সিল পূর্ব আলোচনা সভায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রধান উপদেষ্টা ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান।
এছাড়া, আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ সবুর, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
পরে মোঃ নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে ২৫ সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.