
Published :
Updated :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই দুটি দিন ছুটি যুক্ত হওয়ায় ৫ জুন (বুধবার) থেকে ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
এছাড়া প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ছুটির ভারসাম্য রক্ষায় আগামী ১৭ মে ও ২৪ মে, যেগুলো সাপ্তাহিক ছুটির দিন, সেসব দিন অফিস খোলা থাকবে। এর আগে গতকাল ৬ মে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস’-এর ৩৭ নম্বর ক্রমিক অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ছুটির সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে ১৭ ও ২৪ মে এ অফিসগুলো খোলা থাকবে।
তবে জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতায় পড়বেন না। একইসঙ্গে হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।
জরুরি সেবা ও কার্যক্রমের সঙ্গে জড়িত অফিসগুলো ছুটি ভোগের আওতায় থাকবে না। এ ছাড়া, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালত পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.