১২ দেশের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা কার্যকর সোমবার থেকে

Published :
Updated :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন। স্থানীয় সময় বুধবার (৪ জুন) এক নির্বাহী আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এছাড়া আরও ৭টি দেশের নাগরিকদের জন্য আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
যেসব দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।
আর যেসব দেশের নাগরিকদের জন্য আংশিক নিষেধাজ্ঞা জারি হয়েছে সেগুলো হলো: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।
হোয়াইট হাউস জানিয়েছে, উভয় ধরনের নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে।
এই নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) একটি ভিডিও বার্তায় জানান, কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রলবোমা হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন।
গত রোববার কলোরাডোর বোল্ডারে ওই ঘটনায় পুলিশ হামলাকারীকে ঘটনাস্থলেই আটক করে। জানা যায়, তিনি মিসরের নাগরিক। তবে নিষেধাজ্ঞার তালিকায় মিসরের নাম নেই, যদিও ট্রাম্প তার বক্তব্যে ওই ঘটনার উল্লেখ করেছেন।
এছাড়া, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদান প্রক্রিয়ায়ও নতুন বিধিনিষেধ আরোপ করে আরও একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

For all latest news, follow The Financial Express Google News channel.