১৫৬ বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অভিযোগে পিডিবির নথি তলব করল দুদক

Published :
Updated :

দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে।
গত ৫ মে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়। পিডিবি চেয়ারম্যান বরাবর পাঠানো ওই চিঠিতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর তালিকা উল্লেখ করে প্রয়োজনীয় রেকর্ডপত্র পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে যেসব বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে, তার বেশিরভাগই বেসরকারি মালিকানাধীন। এসব কেন্দ্রের বিষয়ে ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প অনুমোদন, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে, যার মধ্যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নামও উঠে এসেছে।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ যাচাইয়ের জন্য দুদকের অনুসন্ধান দল আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে এবং পিডিবির কাছে প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে।
চিঠিতে যেসব রেকর্ডপত্র তলব করা হয়েছে, তার মধ্যে রয়েছে—২০০৯ সালের জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত সময়কালে ২৩,৫৮৪ মেগাওয়াট ক্ষমতার ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের সাথে সম্পাদিত বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ), ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্টসহ সকল প্রকার চুক্তির কপি, চুক্তির অনুমোদন সংক্রান্ত তথ্য এবং এসব বিদ্যুৎ কেন্দ্রের অনুকূলে পরিশোধিত বিল ও বকেয়া বিল সংক্রান্ত তথ্যাদি।
চাহিদাকৃত নথিপত্রের সত্যায়িত কপি দ্রুত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক।

For all latest news, follow The Financial Express Google News channel.