
Published :
Updated :

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার নারী বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
নিষেধাজ্ঞার আওতায় থাকা বিচারকরা হলেন—উগান্ডার সোলোমি বালুঙ্গি বোসা, পেরুর লুজ ইবানেজ কারানজা, বেনিনের সোফি আলাপিনি গানসো এবং স্লোভেনিয়ার বেটি হোলার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, এই বিচারকরা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ‘অবৈধ ও ভিত্তিহীন’ পদক্ষেপে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি আইসিসির আচরণকে রাজনৈতিক ও ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেন, যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলেছে।
আইসিসি এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেছে, এটি আদালতের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে।
বিচারক বোসা ও কারানজা ২০১৮ সাল থেকে আদালতে রয়েছেন এবং ২০২০ সালে তারা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ তদন্তের সিদ্ধান্তে ভূমিকা রাখেন। যদিও পরে সেই অনুসন্ধানের অগ্রাধিকার কমিয়ে তালেবান ও আফগান সরকারের অপরাধের দিকেই মনোযোগ দেয় আদালত।
২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধ নিয়ে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, গ্যালান্ত এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

For all latest news, follow The Financial Express Google News channel.