Published :
Updated :
ব্যাংক হলিডে উপলক্ষ্যে মঙ্গলবার (১ জুলাই) দেশের ব্যাংকগুলোর সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ কিছু শাখা সীমিত পরিসরে খোলা থাকবে, যেখানে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
এই দিনে কোনো ব্যাংক শাখায় টাকা জমা, উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম লেনদেন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন করা যাবে না—সব ধরনের গ্রাহকসেবা বন্ধ থাকবে।
ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেনও বন্ধ থাকবে। কারণ শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.