Bangla
a year ago

আমার ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন: নাহিদ ইসলাম

Published :

Updated :

সরকারে থাকার চেয়ে রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা রাখা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা চান বলে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। 

নাহিদ জানান, জনগণের সঙ্গে সরাসরি যুক্ত থাকার প্রয়োজনীয়তা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।  

তিনি বলেন, "দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক দলের উত্থানের জন্যে আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন।" 

নাহিদ বলেন, "আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। গত ছয় মাস ধরে আমার অবস্থান থেকে অবদান রাখার চেষ্টা করেছি। দুটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত বেশ কয়েকটি দায়িত্বও পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি, কিছু উদ্যোগ হয়তো ভবিষ্যতে জনগণের জন্য ফলপ্রসূ হবে।" 

তিনি আরও বলেন, "ছয় মাস খুব অল্প সময়, তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। জনগণ আমার কাজ ও এর ফলাফল মূল্যায়ন করবে। আজ থেকে আমি আর কোনো সরকারি পদে নেই।" 

রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, "আমি নতুন গঠিত রাজনৈতিক শক্তি ও দলে যোগ দিতে চাই। জনগণের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে চাই, তাদের ঐক্যবদ্ধ করতে চাই এবং আমাদের বিপ্লবের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে চাই। এজন্যই আমি পদত্যাগ করেছি।" 

Share this news