Bangla
2 years ago

আন্দোলনকারীদের উপর গুলি না চালানো বিষয়ে করা রিটের শুনানি আজও হচ্ছে না

Published :

Updated :

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে রয়েছেন। তাদেরকে মুক্তি দিতে ও নিরস্ত্র শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর গুলি যেন না চলে সে নির্দেশ দিতে হাই কোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। গতকালের পর আজও সে রিটের শুনানি হচ্ছে না। 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি ও আদেশের দিন ধার্য ছিল। কিন্তু কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় এদিন ডিভিশন বেঞ্চ বসবেন না। এজন্য এ রিটের শুনানি আজও সম্ভব হচ্ছে না। 

হাইকোর্টের ওয়েবসাইটে দেখা গেছে, আজ (বৃহঃস্পতিবার, ১ আগস্ট)  বিচারপতি মোস্তফা জামান ইসলামের একক বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। 

এর আগে গতকালও (বুধবার) এই রিটের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। শুনানিকে ঘিরে আদালত প্রাঙ্গনে আইনজীবীরা ভীড় করেন। পরে আদালত থেকে জানানো হয় একজন বিচারপতি অসুস্থতার কারণে ছুটিতে থাকায় শুনানি হবে না। 

গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও ছয় সমন্বয়কের মুক্তি চেয়ে করা রিটের শুনানি হয়। মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করে সুপ্রিম কোর্টে রিটটি দায়ের করেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম। 

রিটের পক্ষে শুনানিতে ছিলেন,  ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান পান্না, ব্যারিস্টার অনীক আর হক ও অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।

Share this news