
Published :
Updated :

সরকার পতনের পর আওয়ামী লীগের নেতারা কীভাবে বর্ডার ক্রস করে পালিয়ে গেল তা জানেন না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সে সাথে তিনি প্রশ্ন তোলেন, এর দায় বিজিবির একার কেন হবে।
তিনি বলেন, "এর দায় শুধু বিজিবির কেন? আর অবশ্যই তদন্ত হবে, তদন্ত হচ্ছে। কোন বিওপি’র আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তারা পালিয়েছেন তা তদন্ত করা হচ্ছে।"
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিজিবি সদর দফতরে কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এছাড়া, ৬ আগস্ট থেকে বিজিবির পক্ষ থেকে টেলিভিশুন স্ক্রলে প্রচারিত 'সীমান্ত পথে পালানো রোধে বিজিবিকে সহায়তা করুন' বিজ্ঞপ্তির ব্যাপারে কেউ বিজিবিকে বলেনি। বিজিবি নিজ উদ্যোগে কাজটি করেছে বলে জানান তিনি।
সবাই পালিয়ে যায়নি মন্তব্য করে বিজিবির মহাপরিচালক বলেন, "জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন। মাদক ব্যবসায়ী বদিকে ধরার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। শোনা গেলো তিনি ট্রলারে করে মিয়ানমারে গেছেন। পরে কিন্তু গ্রেফতার হলেন সীতাকুণ্ড থেকে। এরকম একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্যদিক থেকে পালানোর চেষ্টা করছে অনেকে।"
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনাদের কাছেও তথ্য থাকে। বিজিবিকে জানান, আমরা ব্যবস্থা নেবো। আমরা পালানো রোধে বদ্ধপরিকর।"

For all latest news, follow The Financial Express Google News channel.