বিসিবি সভাপতি পদ থেকে অপসারণের অভিযোগে হাইকোর্টে ফারুক আহমেদের রিট

Published :
Updated :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
আজ রোববার (১ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চে এ রিট দায়ের করা হয়। আবেদনের ওপর আগামীকাল সোমবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফারুক আহমেদের পক্ষে রিটের শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
রিট আবেদনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন বিসিবি সভাপতি নিয়োগের সিদ্ধান্তও চ্যালেঞ্জ করা হয়েছে।
ফারুক আহমেদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, রিটের শুনানি সোমবার অনুষ্ঠিত হতে পারে।
এর আগে বিপিএল সংশ্লিষ্ট সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন ও বিসিবির নয় পরিচালকের মধ্যে আটজনের অনাস্থার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার গভীর রাতে এনএসসি ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে। এতে স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদও হারান তিনি।
পরে শুক্রবার বিকেলে বিসিবি পরিচালনা পর্ষদের সভায় আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালকদের সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.