
Published :
Updated :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল এবং আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্বের বাইরে তা ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি, বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রমে বর্তমানে যে অবস্থা রয়েছে, তা বজায় রাখার নির্দেশও দিয়েছেন আদালত। এর ফলে সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালনা পর্ষদ স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানির পর আজ মঙ্গলবার (৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটটি করেন সদ্য বিদায়ী বিসিবি পরিচালক ফারুক আহমেদ।
উল্লেখ্য, গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এবং ৩০ মে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনীত করে। এই দুই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
ফারুক আহমেদের মনোনয়ন বাতিল হওয়ার পর বিসিবির পরিচালকদের এক সভায় আমিনুল ইসলামকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
এ নিয়ে গত রোববার ফারুক আহমেদ হাইকোর্টে একটি রিট দায়ের করেন। গতকাল সোমবার রিটটি একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উঠলেও আদালত সেটিকে কার্যতালিকা থেকে বাদ দেন এবং অন্য কোনো উপযুক্ত বেঞ্চে উপস্থাপন করার অনুমতি দেন। এরপর আজকের বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয় এবং তা কার্যতালিকার ২৫ নম্বর ক্রমিকে শুনানির জন্য ওঠে।

For all latest news, follow The Financial Express Google News channel.