
Published :
Updated :

বিশ্ব ক্রমেই অস্থির ও অনিশ্চিত হয়ে উঠছে—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা এমন এক সময় পার করছি যেখানে শান্তির অবস্থা খুবই নাজুক, উত্তেজনা বাড়ছে, এবং পারস্পরিক সহযোগিতা সবসময় নিশ্চয়তা পাচ্ছে না।
বৃহস্পতিবার (২৯ মে), জাপানের টোকিওতে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম: ৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলন ২০২৫’-এ মূল বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, “আমরা আজ 'অশান্ত বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনায় অংশ নিচ্ছি। বর্তমান বিশ্ব এক গভীর অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে। বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ছে, শান্তি দূরে সরে যাচ্ছে, এবং আন্তর্জাতিক সহযোগিতা দিন দিন দুর্বল হয়ে পড়ছে।”
তিনি উল্লেখ করেন, ইউক্রেন, গাজা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা দেশে যুদ্ধ ও সংঘাত হাজারো মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করছে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ অত্যন্ত নৃশংস রূপ নিয়েছে এবং সম্প্রতি সংঘটিত ভূমিকম্প পরিস্থিতিকে আরও করুণ করে তুলেছে। এছাড়া, আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্প্রতি সংঘটিত এক সংক্ষিপ্ত কিন্তু ধ্বংসাত্মক যুদ্ধ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “যখন লক্ষ লক্ষ মানুষ মৌলিক চাহিদা পূরণের জন্য সংগ্রাম করছে, তখন আমরা যুদ্ধের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছি।” তিনি ওই দুই দেশের নেতাদের যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ধন্যবাদ জানান এবং দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের আশাবাদ ব্যক্ত করেন।

For all latest news, follow The Financial Express Google News channel.