বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২

Published :
Updated :

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাফওয়ান আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এবং বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাজিয়া আফরিন দম্পতির দ্বিতীয় সন্তান।
রোববার (১৫ জুন) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৭ জনের।
হাসপাতাল সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার বাসিন্দা সাফওয়ান জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে দ্রুত চিকিৎসা শুরু করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকা জানান, সাফওয়ান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাদের হাসপাতালে ভর্তি ছিল। পরে তার অবস্থা সংকটজনক হলে বরিশালে পাঠানো হয়। সেখান থেকেও অবস্থার আরও অবনতি ঘটলে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু পথেই তার মৃত্যু ঘটে।
উল্লেখযোগ্য বিষয় হলো, বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে। চলতি বছর এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৮৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.