ডাকসু নির্বাচন ঘিরে তিনটি ফেসবুক গ্রুপ ও সংগঠনের কার্যক্রম বন্ধের নির্দেশ

Published :
Updated :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন এবং সাইবার বুলিং প্রতিরোধে তিনটি ফেসবুক গ্রুপ বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৪ আগস্ট) এ নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে চিঠিও পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১’ এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামক গ্রুপগুলোর কার্যক্রম অবিলম্বে বন্ধ করে ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, গ্রিন ফিউচার ফাউন্ডেশন নামের একটি সংগঠন ক্যাম্পাসে পরিচালিত সেবা কার্যক্রম নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এই যুক্তিতে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সব কার্যক্রম এবং শাটল সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
নির্বাচনী আচরণবিধি অনুসরণে প্রশাসন জানিয়েছে, প্রার্থী ও সংশ্লিষ্ট পক্ষের টানানো সব ব্যানার ও বিলবোর্ড সরিয়ে ফেলা হচ্ছে। উপঢৌকন বিলি, অর্থ সহযোগিতা, আপ্যায়ন বা সেবামূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ এবং এগুলো আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
প্রচারণা শুরু হবে ২৬ আগস্ট এবং চলবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত। তবে এই সময়েও সামাজিক বা আর্থিক সহায়তা, ধর্মীয় স্থানে প্রচারণা কিংবা মাহফিল আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ। আচরণবিধির ধারা-১৭ অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।

For all latest news, follow The Financial Express Google News channel.